স্বাগতিকদের চারশ’ ছাড়ানো ইনিংসের জবাব দিতে শতরানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু করেছে শ্রীলঙ্কা। আগের চার ইনিংসের চেয়ে এবার সতর্ক ব্যাটিংয়ে লর্ডসের উইকেটে ইংল্যান্ডের পেসারদের সুইং সামলাতেও খুব একটা বেগ পেতে হয়নি তাদের।
তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ১৬২ রান। কৌশল সিলভা ৭৯ ও কুশল মেন্ডিস ২৫ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ৫৪ রানের জুটি গড়েছেন এই দুই জনে।
আগের চার ইনিংসে শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি ছিল ১০, ১০, ১০, ৩৮ রানের। এবার শতরানের জুটিতে অতিথিদের ভালো সূচনা এনে দেন সিলভা ও দিমুথ করুনারত্নে।
শ্রীলঙ্কার ইনিংসের প্রথম বলেই জেমস অ্যান্ডারসনকে চার হাঁকিয়ে শুরু করেন করুনারত্নে। ইংল্যান্ডের নতুন বলের আরেক বোলার স্টুয়ার্ট ব্রডেরও প্রথম ওভারে চার হাঁকান সিলভা।
করুনারত্নে-সিলভার ৩১ ওভার স্থায়ী ১০৮ রানের জুটি ভাঙতে পারতো দ্বাদশ ওভারে। ক্রিস ওকসের বলে জনি বেয়ারস্টোকে ক্যাচ দিয়েও সেবার বেঁচে যান করুনারত্নে। জীবন পাওয়ার আগে তার রান ছিল ২৮, ৩৪ বলে।
এরপর নিজেকে পুরোপুরি গুটিয়ে দেন তিনি। পরের চার রান করতে খেলেন ৪৭ বল! অ্যান্ডারসনকে পরপর তিনটি চার হাঁকিয়ে এক সময়ে পাল্টা আক্রমণে যান তিনি। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি। অর্ধশতকে পৌঁছেই স্টিভেন ফিনের বলে সেই বেয়ারস্টোর গ্লাভসবন্দি হয়ে ফিরে যান।
শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় এক মেজাজে খেলে গেছেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান সিলভা। তার দৃঢ়তায় প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে রয়েছে শ্রীলঙ্কা।
