অভ্যন্তরীণ বাজারে দাম স্থিতিশীল রাখতে চিনি রফতানির উপর ২৫ শতাংশ কর আরোপ করতে যাচ্ছে ভারত। ফলে চিনির বৈশ্বিক দাম আরো বাড়ার পাশাপাশি থাইল্যান্ড থেকে রফতানি বেড়ে যেতে পারে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
ব্রাজিলের পর বিশ্বের শীর্ষ চিনি উত্পাদনকারী দেশ ভারতের প্রধান এলাকাগুলোতে খরার কারণে এবার ফলন কমবে বলে আশঙ্কা করা হচ্ছে, যখন পণ্যটির বৈশ্বিক দর বেড়ে গত আড়াই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ঠেকেছে।
খাদ্যমন্ত্রী রাম বিলাস পাসওয়ানকে উদ্ধৃত করে রয়টার্স বলেছে, বিশ্বে চিনির সর্বোচ্চ সংখ্যক ভোক্তার দেশটিতে দাম যাতে নিয়ন্ত্রণে থাকে সেই লক্ষ্যে দেশের চিনি রফতানির লাগাম টেনে ধরতেই এই করারোপ করা হচ্ছে।
এক টুইট বার্তায় পাসওয়ান বলেন, ‘আন্তর্জাতিক বাজারে চিনির দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। তাই মুনাফা করার জন্য ব্যবসায়ীরা চিনির রফতানি বাড়াতে পারে।’
