রেকর্ড গড়ে স্টুটগার্টের সেমিফাইনাল ফেদেরার

আপডেট : ১১ জুন ২০১৬, ১৬:২০
জার্মানির ফ্লোরিয়ান মায়ারকে ৭-৬ (৭/২), ৭-৬ (৭/১) গেমে পরাজিত করে স্টুটগার্ট গ্রাস কোর্ট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন রজার ফেদেরার। এর মাধ্যমে ক্যারিয়ারের রেকর্ডের মুকুটে আরেকটি পালক যোগ করেছেন সুইস এই তারকা। 
 
ইভান লেন্ডলকে পিছনে ফেলে ক্যারিয়ারে সর্বোচ্চ ম্যাচ জয়ের তালিকায় এখন তার অবস্থান দ্বিতীয়। ১২৫৬টি ম্যাচ জিতে এই তালিকায় শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক তারকা জিমি কনরস। কালকের ম্যাচসহ ফেদেরার জিতেছেন ১০৭২টি ম্যাচ। সেমিফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ অস্ট্রিয়ান ডোমিনিক থেইম। শেষ আটে গতকাল টুর্নামেন্টের তৃতীয় বাছাই থেইম রাশিয়ান মিখাইল ইয়ুজনির বিপক্ষে ৩-৬, ৬-৪, ৭-৫ গেমে জয়ী হয়ে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছেন। 
 
এই নিয়ে সপ্তমবারের মত কোন ম্যাচ না হেরে মায়ারের বিপক্ষে জয়ী হলেন ফেদেরার। পিঠের ইনজুরি কাটিয়ে এই প্রথম কোন টুর্নামেন্টে কোর্টে নামলেন ফেদেরার। ইনজুরির কারণে সুইস তারকা ফ্রেঞ্চ ওপেন থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। ফক্স স্পোর্টস।