ম্যাচ হারায় পুরো দলই বরখাস্ত!

আপডেট : ১১ জুন ২০১৬, ১৬:২৮
খেলার মাঠে কত কিছু্ই না ঘটে। খেলা মাঠে হার জিত থাকবেই। জিতলে পুরস্কার আর হারলে জবাবদিহি। ব্যাপারটা এরকমই ঘটে সর্বত্র। তবে এবার ক্রিকেট ম্যাচে হারের কারণে পুরো দলকেই বরখাস্তের ঘটনা ঘটলো।
 
ম্যাচ না জেতায় পুরো ক্রিকেট দলকে বরখাস্ত করেছে নাইজেরিয়ার ক্রিকেট বোর্ড। সম্প্রতি আইসিসি আয়োজিত ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ফাইভে অংশ নিয়েছিল নাইজেরিয়ার জাতীয় দল। ব্রিটেনের জার্সি দ্বীপে খেলতে গিয়েছিল নাইজেরিয়া। লিগের কোনও ম্যাচই জিততে পারেনি দল। দলের লজ্জাজনক পারফরম্যান্সে নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন পুরো দলকে বরখাস্ত করে দেয়। সেই সঙ্গে কোচকেও তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
 
সাংবাদিক বৈঠকে ফেডারেশনের প্রধান ইমেকা ওনিয়েমা বলেন, ‘এই টুর্নামেন্টের জন্য পুরো দলকে যে ভাবে তৈরি করা হয়েছিল, লাভ কিছুই হল না। দলকে টুর্নামেন্টে পাঠানোর আগে তিনটি ক্যাম্প করানো হয়। সেরা ১৪ জন খেলোয়াড়কে বেছে নিয়ে দল তৈরি করা হয়।’