সাঁড়াশি অভিযানে ৩৭ জঙ্গি গ্রেফতার: পুলিশ

আপডেট : ১১ জুন ২০১৬, ২০:০৬
 
দেশজুড়ে ‘সাঁড়াশি অভিযানে’ ২৪ ঘণ্টায় ৩৭ জন জঙ্গিকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। পুলিশ সদর দপ্তরের ডিআইজি (মিডিয়া) এ কে এম শহিদুর রহমান শনিবার এ তথ্য জানিয়েছেন।
 
তিনি বলেন, ‘যে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে ২৭ জন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য এবং সাতজন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি)।’ বাকি তিনজন ‘অন্যান্য’ সংগঠনের বলে জানানো হলেও ধারণা করা হচ্ছে, তারা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। এই তিনটি সংগঠনই বাংলাদেশে নিষিদ্ধ।
 

গত এক বছরে লেখক, প্রকাশক, অনলাইন অ্যাক্টিভিস্টদের হত্যার পাশাপাশি বিদেশি, হিন্দু পুরোহিত, খ্রিস্টান যাজক, বৌদ্ধ ভিক্ষু আক্রান্ত হওয়ার পর সম্প্রতি চট্টগ্রামে একই কায়দায় এক পুলিশ কর্মকর্তার স্ত্রী খুন হওয়ার পর এই ‘সাঁড়াশি অভিযানের’ ঘোষণা আসে।