শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত

আপডেট : ১১ জুন ২০১৬, ১৯:৫৫
নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস শনিবার পালিত হয়েছে।
 
১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। সেনা সমর্থিত ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
কারামুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে।সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন।এ ছাড়াও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা টিপু, সাজ্জাদ সাকিব বাদশা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।
 
এদিকে শেখ হাসিনার কারা মুক্তি দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে সকাল ৯টায় ধানমন্তি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধার্ঘ নিবেদন করে। এছাড়াও দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় গুলিস্থান মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করে যুবলীগ। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সভায় যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।