গাংনীতে শাশুড়ি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট : ১২ জুন ২০১৬, ১১:০৯
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়িয়া গ্রামের চাঞ্চল্যকর ফুলছুরাতন নেছা মামলার প্রধান আসামি হাউস আলীকে (৪২) গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
 
গাংনী থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুজ্জামান শনিবার রাত ৯টার দিকে তার গ্রাম ষোলটাকাতে অভিযান চালিয়ে গ্রেফতার করে।হাউস আলী ষোলটাকা গ্রামের আহমেদ আলীর ছেলে।
 
এসআই মনিরুজ্জামান জানান, হাউস আলীর স্ত্রী আম্বিয়া খাতুন তাকে তালাক দেয়ার অপরাধে গত ৮মে রাতে স্ত্রী আম্বিয়া খাতুন ভেবে ঘুমন্ত অবস্থায় বৃদ্ধা শাশুড়ি ফুলছুরাতন নেছাকে (৭০) শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। মুমূর্ষ অবস্থায় ফুল ছুরাতন নেছাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
 
এ ঘটনায় মেয়ে আম্বিয়া খাতুন বাদী হয়ে হাউস আলীকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।
 
এসআই মনিরুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদ শেষে ও রিমান্ডের আবেদন জানিয়ে আজ রবিবার আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে।