বড়পুকুরিয়া কয়লাখনি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আসামিদের আগামী ২৪ জুলাই হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। রবিবার ঢাকার বিশেষ জজ-৯ আমিনুল ইসলামের আদালত এ আদেশ দেন।
রবিবার মামলাটির অভিযোগ গঠনের শুনানি ও মামলা সচলে হাইকোর্টের আদেশ দাখিলের দিন ধার্য ছিল। হাইকোর্টের আদেশ দাখিলের পর উপস্থিত জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম ও পেট্রোবাংলার সাবেক পরিচালক মঈনুল আহসান অভিযোগ গঠনের শুনানি পেছাতে সময়ের আবেদন জানান। ১১ জন আসামির মধ্যে খালেদা জিয়াসহ বাকি নয়জন আদালতে অনুপস্থিত থেকে তাদের আইনজীবীদের মাধ্যমে সময়ের আবেদন জানান।
পরে আগামী ২৪ জুলাই খালেদা জিয়াসহ সব আসামিকে হাজির হওয়ার নির্দেশ দেয় আদালত।
আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাৎ করার অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় একই বছরের ৫ অক্টোবর আদালতে ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।
