প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে মিশরের বিদায়ী রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত। রবিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে বাংলাদেশকে এশিয়ার ‘উদীয়মান অর্থনৈতিক বাঘ’ উল্লেখ করেছেন বিদায়ী রাষ্ট্রদূত।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেছেন, মিসরের বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করে বাংলাদেশকে এশিয়ার ইমার্জিং টাইগার হিসেবে উল্লেখ করেছেন । তার দেশ বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে।
ইহসানুল করিম বলেন, মিসরের বিদায়ী রাষ্ট্রদূত শেখ হাসিনাকে ক্যারিশম্যাটিক লিডার হিসেবেও উল্লেখ করেন। বাংলাদেশের নাগরিকরা শান্তিপ্রিয় মন্তব্য করে জনগণের সহিষ্ণুতারও প্রশংসা করেন তিনি।
সাক্ষাৎকালে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের চর্চার ফলে জীবনমানের উন্নয়ন সম্ভব হয়েছে। এসময় তার সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন তিনি।
সাক্ষাত্কালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।
