আবারো আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠলো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। রবিবার বিকেএসপিতে আবাহনী ও প্রাইম দোলেশ্বরের খেলা আম্পায়ারিং বিতর্কে বন্ধ রয়েছে।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে ১৯১ রান করে তামিম ইকবালের আবাহনী লিমিটেড।জবাবে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৯ রান করতেই ম্যাচ বন্ধ করে দেন ম্যাচ রেফারি।
ঘটনার শুরু মূলত দোলেশ্বরের ইনিংসের ১৬ তম ওভারে। এসময় সানজামুলের বোলে স্টাম্পিং হন দোলেশ্বরের ব্যাটসম্যান রকিবুল হাসান। আবাহনীর ফিল্ডাররা আবেদন করলেও আম্পায়ার তানভির সাড়া দেননি। এতে করে আবাহনীর ফিল্ডার তামিম ইকবাল সহ অন্যান্যরা আম্পায়ারের উপর চড়াও হন।
তবে একটা সময় সিদ্ধান্ত মেনে নিয়ে ফিল্ডিংয়ে চলে যান সবাই। এরপর ইনিংসের ১৭তম ওভার বোলিং করতে আসেন অমিত কুমার। তার ওভারে একটি ছক্কা মারেন রকিবুল।
তখন তামিম ইকবাল ও আবাহনীর বাকি খেলোয়াড়রা আবারো আম্পায়ারদের উপর চড়াও হন এবং বাকবিতণ্ডা চলতে থাকে।
এরপর ১৭ ওভার শেষ হয়ে যাওয়ার পর মাঠের দুই আম্পায়ার ম্যাচ রেফারিকে ডাক দিয়ে জানান এভাবে খেলা চলতে পারেনা। শনিবার বিকাল ৩টা ১৪ মিনিট থেকে এই ম্যাচ এখনও বন্ধ আছে।
