নিউইয়র্ক পৌঁছেছে সোলার ইম্পালস-২

আপডেট : ১২ জুন ২০১৬, ১৭:০৫
সৌরশক্তি চালিত বিমান সোলার ইম্পালস-২ শনিবার ভোরে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেছে। শুধুমাত্র সৌরশক্তিতে চলা সোলার ইম্পালস-২ বিশ্ব ভ্রমণের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্রে এসে স্ট্যাচু অব লিবার্টির ওপর দিয়ে উড়ে এসে বিমানবন্দরে নামে।
 
সোলার ইম্পালসের পাইলট সুইস নাগরিক অ্যান্ড্রে বোর্সবার্গ বলেন, ‘এটা সম্পূর্ণ অবিশ্বাস্য। আমার একটি স্বপ্ন পূরণ হল।’
 
আমেরিকার স্বাধীনতার প্রতীক স্ট্যাচুটির ওপর দিয়ে বিমানটি উড়ে যায়। ধীর গতিতে বিমানটি পরে রানওয়ে স্পর্শ করে। এর মাধ্যমে সোলার ইম্পালস-২ পেনসিলভিনিয়া থেকে নিউইয়র্কের এই ৫ ঘণ্টাব্যাপী দীর্ঘ ফ্লাইট সম্পন্ন করল।
IMG0
এটি ছিল সোলার ইম্পালস-২ এর বিশ্ব ভ্রমণের ১৪তম ধাপ। ২০১৫ সালের ৯ মার্চ আবুধাবি থেকে বিমানটি যাত্রা শুরু করে। এরপর এটি এশিয়া ও প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছায়।
 
নিউইয়র্ক থেকে সোলার ইম্পালস দল আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে যাওয়ার চেষ্টা করবে। সূত্র: বিবিসি