রাশিয়ার সমর্থকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে উয়েফা

আপডেট : ১২ জুন ২০১৬, ১৭:২৮
ইংল্যান্ড ও রাশিয়ার ম্যাচে সমর্থকদের বিশৃঙ্খলার কারণে কঠোর অবস্থানে যাচ্ছে ইউরোপের ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।
 
ফ্রান্সের মার্শেইতে ২০১৬ ইউরোয় নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড ও রাশিয়া। কিন্তু শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ইংলিশ সমর্থকদের ওপর চড়াও হন বেশ কয়েকজন রাশিয়ান সমর্থক।
 
নিরাপত্তা বাধা ডিঙিয়ে দক্ষিণ স্ট্যান্ডে ইংলিশ সমর্থকদের মারধর করেন রাশিয়ান দর্শকরা।
 
সহিংসতায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন। ইংল্যান্ডের একজন দর্শকের অবস্থা নাকি আশঙ্কাজনক। প্রসঙ্গত, ২০১২ ইউরো অাসরেও রাশিয়ান দর্শকরা গ্যালারিতে বিশৃঙ্ক্ষল পরিস্থিতি সৃষ্টি করেছিলেন। যেখানে ২০১৮ বিশ্বকাপ আসর হবে রাশিয়ার মাটিতে।
 
রাশিয়ার বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে সে ব্যাপারে আগামী মঙ্গলবার সিদ্ধান্ত নেবে উয়েফা। ইতোমধ্যে তিনটি অভিযোগে তদন্ত শুরু করেছে তারা। গ্যালারিতে বিশৃঙ্খলা, বর্ণবাদী আচরণ ও আতশবাশি পোড়ানো।