চলতি বছর ভেনিজুয়েলায় কোন গণভোট নয়: মাদুরো

আপডেট : ১২ জুন ২০১৬, ১৭:৫৩
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তাকে উৎখাত করতে যে গণভোট দাবি করা হচ্ছে তা চলতি বছরে হবে না। মাদুরো বলেন, গণভোট করার মত সময় নেই এ বছর।
 
গত শুক্রবার দেশটির জাতীয় ইলেকটোরাল কাউন্সিল জানায় গণভোট আয়োজন করতে যে বিরোধী দল যে গণস্বাক্ষর জমা দিয়েছে তার মধ্যে ছয় লাখ ভুয়া স্বাক্ষর রয়েছে। জাল স্বাক্ষর সনাক্ত করতে তালিকা থেকে নিজেদের স্বাক্ষর সনাক্ত করতে নির্দেশ দিয়েছে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ।
 
তবে বিরোধী দলগুলোর অভিযোগ, মাদুরো সরকারকে রক্ষা করতে কাজ করছে ইলেকটোরাল কাউন্সিল। বিরোধী নেতাদের নিজেদের স্বাক্ষরকেও জাল স্বাক্ষরের তালিকায় ফেলে দেয়ার উদাহরণ দিয়ে তারা বলছে, এতে প্রমাণ হয় সরকারকে রক্ষা করতে কতটা মরিয়া ইলেকটোরাল কাউন্সিল।
 
প্রেসিডেন্ট মাদুরো বলছেন, তাকে সরাতে জালিয়াতির আশ্রয় নিচ্ছে বিরোধী পক্ষ। গণভোটের এই প্রক্রিয়া বাতিল করতে দেশের সর্বোচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন মাদুরো। সূত্র: বিবিসি