কিংস্টনে স্বরুপে ফিরলেন বোল্ট

আপডেট : ১২ জুন ২০১৬, ১৭:৫৭
কিংস্টনের গ্র্যান্ড প্রিতে ১শ’ মিটার দৌঁড়ে শ্রেষ্ঠত্ব দেখালেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। ১শ’ মিটার ইভেন্টে ৯.৮৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন তিনি।
 
চলতি বছর এটি বিশ্বের দ্বিতীয় সেরা টাইমিং। ফলে ব্রাজিলের রিও অলিম্পিকের আগে নিজেকে ভালোভাবেই ঝালিয়ে নিচ্ছেন বোল্ট।
 
এই ইভেন্টে বোল্টের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ছিলেন আরও তিন অ্যাথলেট। নিকেল আসমিয়াদে, ইয়োহান ব্লেক ও আসাফা পাওয়েল। ৯.৯৪ সেকেন্ড নিজেদের দৌড় শেষ করেন আসমিয়াদে ও ব্লেক। তাই যৌথভাবে দু’জনই হয়েছেন দ্বিতীয়। আর তৃতীয় হয়েছেন পাওয়েল। এজন্য তার সময় লাগে ৯.৯৮ সেকেন্ড।
 
চলতি মৌসুমটি সাদামাটাভাবে শুরু করলেও অলিম্পিকের আগে শেষটা বেশ ভালোই করলেন ছয় বারের চ্যাম্পিয়ন বোল্ট। পারফরমেন্সের উন্নতি ঘটেছে তার।
 
২০১৬ সালে তৃতীয়বারের মত খেলতে নেমেছেন তিনি। গত ২০ মে অস্ট্রাভায় খেলতে নেমে ৯.৯৮ সেকেন্ড সময় নিয়ে সেরার স্বাদ নিয়েছিলেন বোল্ট।
 
আগামী ৫-২১ আগস্ট অনুষ্ঠিত হবে রিও অলিম্পিক। ২০১৬ সালে সেরা টাইমিং-এ বিশ্বসেরা তালিকায় যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিনকে টপকে গেলেন বোল্ট। চলতি বছর চতুর্থ সেরা টাইমিং করেছিলেন গ্যাটলিন।
 
এ বছর সেরা টাইমিং রয়েছে ফ্রান্সের জিমি ভিকটের। গত ৭ জুন মন্ট্রিউলে ৯.৮৬ টাইমিং-এ সেরা হন ভিকট।