'গণতন্ত্রের বিকাশে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত'

আপডেট : ১২ জুন ২০১৬, ১৮:০৮
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
 
তিনি রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ ছাত্রলীগের বর্ধিত সভা ও কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভা ও কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আব্দুল মান্নান এমপি এবং একেএম এনামুল হক শামীম।
 
সভা পরিচালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। এ সময় ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি-জামায়াত সরকারে প্রকাশ্য শত্রুতার মাধ্যমে সরকারে অর্জনকে ম্লান করতে ব্যর্থ হয়ে গোপন শত্রুতার পথ বেছে নিয়েছে।'
 
তিনি বলেন, 'সাম্প্রদায়িক উগ্রবাদকে ব্যবহার করে খ্রিস্টান নাগরিক ও হিন্দু পুরোহিতকে টার্গেট করে হত্যা করছে। বিদেশে সরকারের মিত্রদের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য তারা এ পরিকল্পনা করেছে।'
 
আওয়ামী লীগের এ নেতা বলেন, 'সাম্প্রদায়িক উগ্রবাদ দেশের জন্য বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এ কর্মশালায় পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করতে হবে।'
 
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের চর্চা ও বিকাশ এবং জাতীয় নেতা তৈরির জন্য নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত।
 
তিনি বলেন, 'ছাত্র রাজনীতিকে আকর্ষণীয় করে তোলার জন্য ছাত্র সংসদ নির্বাচনের কোন বিকল্প নেই। একজন ছাত্র নেতাকে যখন সাধারণ ছাত্র-ছাত্রীদের কাছে ভোটের জন্য যেতে হয় তখন তাকে ভালো আচরণ করতে হয়।'
 
ওবায়দুল কাদের বলেন, 'ছাত্র রাজনীতির গুনগত পরিবর্তনের জন্য ছাত্রনেতাদের গুনগত পরিবর্তন হতে হবে। সর্বশেষ প্রযুক্তি ও তথ্য সম্পর্কে তাদের ওয়াকিবহাল হতে হবে।' দু'দিনব্যাপী ছাত্রলীগের এ বর্ধিত সভা এবং কর্মশালায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলা ও মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ গ্রহণ করেছে।