জয় দিয়ে সুপার সিক্স শুরু করলো ভিক্টোরিয়া

আপডেট : ১২ জুন ২০১৬, ১৯:২০
জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) সুপার সিক্সে যাত্রা শুরু করলো ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব। সুপার সিক্সের প্রথম রাউন্ডের ম্যাচে ভিক্টোরিয়া ২৩ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে।
 
বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচটির দৈর্ঘ্য নেমে আসে ৪০ ওভারে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কার্টেল ওভারের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ভিক্টোরিয়া।
 
ফর্মের তুঙ্গে থাকা ওপেনার আব্দুল মাজিদ এ ম্যাচেও সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন। কিন্তু ৬৮ বলে ৭২ রান করে তাকে থামতে হলো। আগের দু’ম্যাচে যথাক্রমে ১১৮ ও ১০০ রান করেছিলেন তিনি।
 
মাজিদ ছাড়াও ভিক্টোরিয়ার পক্ষে হাফ-সেঞ্চুরি করেছেন মোমিনুল হক। ৪৭ বলে ৫৫ রান করেন তিনি। এই দু’ব্যাটসম্যানের সাথে ভিক্টোরিয়ার পক্ষে বলার মত ইনিংস খেলেছেন অধিনায়ক নাদিফ চৌধুরি ও চাতুরাঙ্গা ডি সিলভা। নাদিফ ৪১ ও ডি সিলভা ২৩ বলে ৩৯ রান করেন। ফলে ৬ উইকেটে ২৭২ রান পায় ভিক্টোরিয়া।
 
জবাবে ম্যাচ জয়ের পথেই হাটছিলো প্রাইম ব্যাংক। কিন্তু দায়িত্ব নিয়ে কেউই দলের জয় নিশ্চিত করতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় প্রাইম ব্যাংককে। দলের পক্ষে হাফ-সেঞ্চুরি করেছেন মেহেদি মারুফ ও নুরুল হাসান। মারুফ ৫৫ ও নুরুল ৫২ রান করেন। আর কোন ব্যাটসম্যান বড় ইনিংস না খেলায় ৮ উইকেটে ২৪৯ রানে গিয়ে পৌছায় প্রাইম ব্যাংক। ভিক্টোরিয়ার মাহবুব আলম ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন আব্দুল মাজিদ।