তামাক বিরোধী রাজস্ব নীতি গ্রহণের আহ্বান তথ্যমন্ত্রীর

আপডেট : ১২ জুন ২০১৬, ২০:১৬
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দেশকে ধূমপান মুক্ত করার লক্ষ্যে সকল তামাক পণ্যের ওপর উচ্চ করারোপ ও শুল্ক আরোপের পাশাপাশি তামাক বিরোধী রাজস্ব নীতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
 
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার প্রতিবছর সকল তামাকজাত পণ্যের ওপর কর ও শুল্ক বৃদ্ধি করে আসছে।' রবিবার সিরডাপ মিলনায়তনে 'জাতীয় বাজেট ২০১৬-১৭ : বিড়ি শ্রমিক ও বিড়ি শিল্প' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
 
তথ্যমন্ত্রী তামাক নিষিদ্ধ না হওয়া পর্যন্ত ধূমপান বিরোধী প্রচার কার্যক্রম জোরদারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'শিক্ষা প্রতিষ্ঠানের সকল স্তরে শিক্ষকদেরকে শ্রেণী কক্ষে 'আমরা ধূমপান করবো না, আমরা মাদক গ্রহণ করবো না' ইত্যাদি কথা বলতে হবে। এটি শিক্ষার্থীদের ধূমপান থেকে বিরত রাখার ক্ষেত্রে সহায়ক হবে বলে তিনি মনে করেন।
 
বিড়ি শ্রমিকদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, '২০১৬-১৭ অর্থবছরের বাজেটে সরকার বিড়ি ও সিগারেটের মধ্যে বৈষম্যমূলক নীতি প্রত্যাহার করবে।' তিনি বলেন, 'সরকার দেশকে ধূমপানমুক্ত করতে উদ্যোগ নিয়েছে।' এজন্য বিড়ি শ্রমিকদের পুনর্বাসনে পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কলেকটিভ (আরডিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মেজবাহ কামাল অনুষ্ঠানের মূল প্রবন্ধ পাঠ করেন।