আবারো জিমির হ্যাটট্রিক, মোহামেডানের বড় জয়

আপডেট : ১২ জুন ২০১৬, ২০:৪৯
আগের ম্যাচে একাই করেছিলেন ১১ গোল। পরের ম্যাচেই পেলেন হ্যাটট্রিক। রাসেল মাহমুদ জিমির হ্যাটট্রিকে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকিতে বড় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রবিবার মওলানা ভাষানী হকি স্টেডিয়ামে  ওয়ারী ক্লাবকে ৮-২ গোলে হারিয়েছে সাদা-কালোরা।
 
এদিন প্রথমার্ধের দ্বিতীয় মিনিটে ফিল্ড গোলে মোহামেডানকে ১-০ গোলে এগিয়ে দেন সালমান। সালমানের দুই মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন তাসভার আব্বাস।
 
শুরুতেই পিছিয়ে পড়া ওয়ারী ক্লাব আক্রমণভাগকে শান দিয়ে প্রতিপক্ষের সীমানায় ঝাঁপিয়ে পড়ে খেলার ষষ্ঠ মিনিটে ওবায়েদ হাসানের পেনাল্টি কর্নারের গোল থেকে ব্যবধান ২-১ এ কমায়। ব্যবধান কমিয়েই ক্ষান্ত থাকেনি ওয়ারী। ১৩ মিনিটে ওবায়েদ আরেকবার পেনাল্টি থেকে মোহামেডানের জালে বল ঠেলে খেলা ২-২ এ সমতায় ফেরান।
 
এরপরের ১৭ মিনিটে আবার ফিল্ড গোল থেকে মোহামেডানকে ৩-২ এর ব্যবধান এনে দেন তাসভার আব্বাস। আব্বাসের  পর ২৯ মিনিটে ইমরানের ফিল্ড গোল  থেকে ৪-২ এ ব্যবধান নিয়ে বিরতিতে যায় মোহামেডান।
 
বিরতির থেকে ফিরে আবার জ্বলে উঠে মোহামেডান। ৪৩ মিনিটে সালমান দ্বিতীয়বার ওয়ারীর জালে বল জড়িয়ে দলকে ৫-২ গোলে এগিয়ে দিলে জয়ের সুবাস পেতে থাকে মোহামেডান।
 
এরপর ৪৮, ৬১ ও ৬৫ মিনিটে জিমি টানা তিনটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন জিমি। আর দল পায় ৮-২ এর বড় জয়।