খাগড়াছড়িতে হরতাল পালিত হচ্ছে না

আপডেট : ২০ মার্চ ২০১৯, ১১:৪৪

রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ৮জন নিহত ও  রাঙামাটির জেলার বিলাইছড়ি  উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা এবং খাগড়াছড়ির মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমার অপসারণের দাবিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকা বুধবারের সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে না। 

 

বাঘাইছড়ির ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করা হবে প্রশাসনের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতা আব্দুল মজিদ।

 

মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনটির খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ হরতাল পালনের ঘোষণা দেয়া হয়। তবে মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হরতাল প্রত্যাহারের কথা প্রচার হলেও সংগঠনের পক্ষ থেকে প্রত্যাহারের বিষয়ে বুধবার সকাল ৯টা পর্যন্ত কোনো ঘোষণা না থাকায়  ভোর থেকে  বিভ্রান্তি দেখা দেয়। সকাল ৮টা পর্যন্ত যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ থাকে। সকাল ৯টা পর্যন্ত জেলা শহর থেকে দূরপাল্লার যানবাহনও ছেড়ে যায়নি। পরে সকাল সাড়ে ৯টা থেকে খাগড়াছড়িতে সবকিছু স্বাভাবিক হয়।  

 

এদিকে হরতাল নিয়ে এমন বিভ্রান্তির কারণে খাগড়াছড়ি জেলা শহরে দূরপাল্লার শত শত যাত্রী, পর্যটক ও স্কুলগামী ছাত্র-ছাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে দেখা গেছে। 

 

উল্লেখ্য, গত ১৮ মার্চ রাঙামাটি জেলার বাঘাইছড়িতে ভোট গ্রহণ শেষে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে বাঘাইছড়ির নয় কিলোমিটার এলাকায় নির্বাচনী কর্মকর্তা ও আনসার সদস্যসহ ৭জনকে হত্যা ও  রাঙামাটি জেলার বিলাইছড়ি  উপজেলা আওয়ামী  লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা এবং খাগড়াছড়ির মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমার অপসারণের দাবিসহ অবিলম্বে যৌথ অভিযান চালিয়ে সন্ত্রাসীদের গ্রেফতারসহ অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য ২৪ ঘণ্টা আল্টিমেটাম দিয়ে বুধবার খাগড়াছড়ি জেলায় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করে।
 

ইত্তেফাক/এমআরএম