প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিল দাবিতে ফের মানববন্ধন

আপডেট : ১৩ জুন ২০১৬, ০১:০৯
পঞ্চম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলের দাবিতে ফের মানববন্ধন করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। গতকাল রবিবার রাজধানীর বিভিন্ন স্কুলের অভিভাবকদের উদ্যোগে রাজধানীর গ্রিন রোডে ওয়াইডব্লিউসিএ গার্লস স্কুলের সামনে এ কর্মসূচি পালিত হয়।
 
এই কর্মসূচিতে ওয়াইডব্লিউসিএ-এর শিক্ষার্থী ছাড়াও উদয়ন স্কুল, মেহেরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, অগ্রণী উচ্চ বিদ্যালয় এবং গভ: ল্যাবরেটরি স্কুলের উল্লেখযোগ্য সংখ্যক অভিভাবক ও শিক্ষার্থীরা ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত হয়ে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এখনই বাতিলের দাবি জানান। অভিভাবকদের মধ্যে থেকে কয়েকজন মানববন্ধনে বক্তব্য রাখেন।
 

মানববন্ধনে অভিভাবকরা বলেন, ‘২০১৭ সালে পঞ্চম শ্রেণির পিইসি পরীক্ষা নেয়া হবে না বলে সরকার ঘোষণা দিয়েছে। কিন্তু এখন বৃত্তি দেওয়ার কথা বলে এ বছর পঞ্চম শ্রেণির পিইসি পরীক্ষা নেওয়ার পাঁয়তারা করা হচ্ছে। আমরা জানতে চাই, তাহলে ২০১৭ সালে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা না নিয়ে আপনারা কীভাবে বৃত্তি দেবেন?’