নর্দার্ন আয়ারল্যান্ডকে হারিয়ে ইউরো শুরু পোল্যান্ডের

আপডেট : ১৩ জুন ২০১৬, ১০:১৬
 
ইউরো চ্যাম্পিয়নশিপ ২০১৬-তে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করল পোল্যান্ড। 'সি' গ্রুপের ম্যাচে দ্বিতীয়ার্ধে পাওয়া একমাত্র গোলে নর্দার্ন আয়ারল্যান্ডকে হারিয়েছে রবের্ত লেভানদোভস্কির দেশ।
 
রবিবার রাতে ফ্রান্সের নিসে ৫০তম মিনিটে করা আরকাডিউস মিলিকের গোলে এগিয়ে যায় পোল্যান্ড। জাকুব ব্লাসেসকোস্কির বাড়ানো বল মাটি কামড়ানো শটে নর্দার্ন আয়ারল্যান্ড গোলরক্ষককে পরাস্ত করেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত এ গোলটি যক্ষের ধনের মতো আগলে রেখে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পোলিশরা।
 
এ গোল দিয়েই ইতিহাসের পাতায় নিজের নামটি তোলেন মিলিক। ২২ বছর ১০৪ দিন বয়সে লক্ষ্যভেদ করে ইউরো চ্যাম্পিয়নশিপে পোল্যান্ডের সবচেয়ে কম বয়সী গোলদাতা এখন তিনি।
 
ম্যাচের শেষ দিকে সমতায় ফেরার ভালো একটি সুযোগ নষ্ট হয় প্রথমবারের মতো ইউরোয় আসা নর্দার্ন আয়ারল্যান্ডের। সতীর্থের নীচু হয়ে আসা ফ্রি কিকে অধিনায়ক স্টিভেন ডেভিস শেষ টোকা দিতে ব্যর্থ হলে হার নিয়ে ইউরো শুরু মোটামুটি নিশ্চিত হয়ে যায় দলটির। এই হারে বাছাইপর্বে গ্রুপ সেরা হওয়া নর্দার্ন আয়ারল্যান্ডের টানা ১২ ম্যাচ অজেয় যাত্রার ইতি ঘটল।
 
আগামী বৃহস্পতিবার গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হবে পোল্যান্ড। একই দিনে ইউক্রেনের বিপক্ষে লড়বে নর্দার্ন আয়ারল্যান্ড। বিডি নিউজ।