নড়াইলে ছাত্রলীগ নেতা জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার

আপডেট : ১৩ জুন ২০১৬, ১১:২৩
নড়াইল সদর থানা ছাত্রলীগের সভাপতি আল মামুন গাজীকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
 
রবিবার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেফতার করে।
 
স্থানীয় সূত্র জানায়, গ্রেফতার আল মামুন গাজী জেএমবির সক্রিয় সদস্য। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি কর্তৃক সারা দেশে একযোগে বোমা হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সেসময় আল মামুন গাজী গ্রেফতার হয়েছিলেন। ওই মামলায় তিনি আট বছর জেল খেটে জামিনে বের হন। পরে আওয়ামী লীগের অঙ্গসংগঠন থানা ছাত্রলীগের কমিটিতে জায়গা করে নেন।
 
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাস বিশ্বাস তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, জঙ্গি সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।