ত্রাণ তহবিলের প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র (বর্তমানে বরখাস্ত) ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল মান্নানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার দুপুরে গাজীপুরের জয়দেবপুর থানায় দুদকের উপপরিচালক সামছুল আলম বাদী হয়ে মামলাটি (নাম্বার ৫৬) দায়ের করেন।
৯৯৯টি ভুয়া ভাউচারের মাধ্যমে গাজীপুর সিটি কর্পোরেশনের ওই টাকা আত্মসাত হয় এমন অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হওয়ায় মেয়র ও হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।
দুদক সূত্র জানায়, মেয়র আব্দুল মান্নান ও গোলাম কিবরিয়া পরস্পর যোগসাজশে ২০১৩ সালের ১৮ আগস্ট থেকে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত কর্পোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলের ৪৯ লাখ ১ হাজার ৮৪৮ টাকা আত্মসাত করেন।
