সুনীল গোমেজ হত্যা : মনি বেগম তিনদিনের রিমান্ডে

আপডেট : ১৩ জুন ২০১৬, ১৬:৪৬
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় খ্রিস্টান মুদি দোকানী সুনীল দানিয়েল গোমেজকে (৬০) কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক অপর ভাড়াটিয়া মনোয়ারা বেগম মণির (৩৫) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, সোমবার দুপুরে নাটোরের গোয়েন্দা পুলিশের ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল হাই মণিকে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। আদালতের বিচারক শামসুল আল আমিন শুনানি শেষে তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ঘটনায় রোববারই তার ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।
 
নাটোরের গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক সুজন জানান, সুনীল গোমেজ হত্যাকাণ্ডের পর বিভিন্ন তথ্যের ভিত্তিতে মণি সন্দেহের তালিকায় আসে। পরে মোবাইল ফোন ট্র্যাকিং করে ঢাকার বাড্ডা এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে তার স্বামী রফিকুল ইসলামের ভাড়া বাসা থেকে মনোয়ারা বেগম মনিকে (৩৫) গ্রেফতার করা হয়। রবিবার তাকে নাটোর আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়।
 
উল্লেখ, গত ৫ জুন হত্যাকাণ্ডের পর থেকে মণিসহ নিহত সুনীল গমেজের বাড়ির দুই ভাড়াটিয়াকে গ্রেফতার করা হয়েছে।