রবিবার বিকেএসপিতে অনুষ্ঠিত সুপার লিগের প্রথম রাউন্ডের ম্যাচে আবাহনী অধিনায়ক তামিম ইকবাল আম্পায়ারদের গালিগালাজ ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন আম্পায়াররা। এরই প্রেক্ষিতে খেলা বন্ধ করে ম্যাচ রেফারি।
ফলে বল গিয়ে গড়ায় বিসিবির কোর্টে। তবে শাস্তি হচ্ছে না জাতীয় দলের এই ওপেনারের। কারণ ম্যাচ রেফারির রিপোর্টে তামিমের বিপক্ষে অসদাচরনের কোনও অভিযোগ নেই! যে কারণে শাস্তি হচ্ছে না তামিম ইকবালের।
এ প্রসঙ্গে সিসিডিএমের সমন্বয়ক আমিন খান বলেন, ‘ম্যাচ রেফারির রিপোর্টের ওপর নির্ভর করে শাস্তি দেওয়া হয়। কিন্তু গতকালকের ম্যাচ রিপোর্টে কোনও খেলোয়াড়ের ব্যাপারে নেতিবাচক কিছু বলা হয়নি। শুধুমাত্র দুই আম্পায়ার অসুস্থতার কথাই উল্লেখ করেছেন।’
উল্লেখ্য, রবিবার প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ম্যাচ চলাকালীন একটি স্টাম্পিংয়ের আবেদনে সাড়া না দেওয়ায় ফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও তানভির হায়দারকে প্রকাশ্যে গালিগালাজ করেন তামিম ইকবাল। এরপরে খেলা চালিয়ে যেতে অপরাগতা প্রকাশ করেন আম্পায়াররা। ফলে ম্যাচ তখনই স্থগিত করা হয়।
