পাবনার হিমাইতপুরে ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডে হত্যার ঘটনায় সন্দেহে আবুল হাশেম ওরফে গাল কাটা হাশেম (৫৪) নামের একজনকে আটক করেছে পুলিশ।
রবিবার মধ্যরাতে তাকে বাড়ি থেকে আটক করে পুলিশ। আটককৃত হাশেম পাবনা সদর উপজেলার হিমাইতপুর গ্রামের মৃত ফকির শেখের ছেলে। এ নিয়ে চাঞ্চল্যকর এ হত্যা মামলায় দুইজনকে আটক করা হলো।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) মুন্সী আবু কুদ্দুস জানান, রবিবার মধ্যরাতে অভিযান চালিয়ে হিমাইতপুর গ্রামের নিজ বাড়ি থেকে হাশেমকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে হাশেমকে পাবনা আমলী আদালত-১-এ হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক নাজিমুদ্দৌলা ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক।
প্রসঙ্গত, গত শুক্রবার ১০ জুন ভোরে পাবনার হিমাইতপুরে ঠাকুর শ্রী শ্রী অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে (৬২) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই মামলায় গত শনিবার সন্দেহ ভাজন আরিফুল ইসলাম নামে এক শিবির নেতাকে আটক করে পুলিশ।
