চোট ছিটকে দিলো ওয়ার্নারকে

আপডেট : ১৩ জুন ২০১৬, ১৭:৫৩
ওয়ার্নারের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পায় অস্ট্রেলিয়া। তবে সেই ওয়ার্নারকেই সিরিজের বাকিটা সময় পাচ্ছেনা অস্ট্রেলিয়া। চোটের কারণে ছিটকে গেছেন এই ওপেনিং ব্যাটসম্যান।
 
গত শনিবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে এবি ডি ভিলিয়ার্সদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৩৬ রানের জয়ে শতক করেন ওয়ার্নার। পরে ব্যাকওয়ার্ড পয়েন্টে একটি ক্যাচ তালুবন্দি করার চেষ্টা করার সময় বাঁ হাতের তর্জনীতে চোট পান তিনি।
 
অস্ট্রেলিয়া দলের চিকিৎসক জিওফ্রি ভেরাল জানান, এক্স-রেতে ওয়ার্নারের তজর্নীতে চিড় ধরা পড়েছে। অস্ত্রোপচার প্রয়োজন না হলে তার সেরে উঠতে দুই থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।
 
আগামী মাসে শ্রীলঙ্কায় স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজের আগে ওয়ার্নারকে সম্পূর্ণ ‘ফিট’ দেখতে চান স্টিভেন স্মিথ।
 
তিনি বলেন, ‘জীবনের সেরা ছন্দে আছে সে, সুন্দর ব্যাট করছে। তাকে হারানো আমাদের জন্য বড় ক্ষতি হবে। তবে প্রথম টেস্ট শুরু হতে এখনও ছয় সপ্তাহ সময় আছে।’