গাইবান্ধায় নির্বাচনী সহিংসতায় আহত ব্যক্তির মৃত্যু

আপডেট : ১৩ জুন ২০১৬, ২০:৪৮
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পরাজিত ইউপি চেয়ারম্যান ও সদস্য প্রার্থীর হামলায় আহত আব্দুর রহমান (৫৫) চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মারা গেছেন।
 
আব্দুর রহমান উপজেলার গজারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য আব্দুল গণির মিয়ার বড় ভাই।
 
ফুলছড়ি থানার ওসি খায়রুল বাশার জানান, ষষ্ঠ দফার নির্বাচনের পরদিন ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের জাতীয় পার্টি সমর্থিত পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইউনুস আলী এবং ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী হাসান আলীর সমর্থকরা একই ওয়ার্ডের নব-নিবাচিত সদস্য আব্দুল গনি মণ্ডলের সমর্থক আজাহার আলীর ঘরবাড়ি ভাঙচুর করে। এই ঘটনায় গত মঙ্গলবার থানায় একটি অভিযোগ দায়ের হলে পুলিশ সন্ধ্যায় ভাজনডাঙ্গা (গলনা চর) গ্রামে যায়। তদন্ত চলাকালে ওই দুই প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকদের হামলায় নব নির্বাচিত ইউপি সদস্য আব্দুল গণি, তার বড় ভাই আব্দুর রহমান, ফুলছড়ি থানার ওসি (তদন্ত) জামাল উদ্দিনসহ পুলিশের চার সদস্য আহত হন। আহতদের মধ্যে আব্দুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের ফুলছড়ি এবং গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।