সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা হত্যা: বিলাই ও বাঘাইছড়িতে বিক্ষোভ

আপডেট : ২০ মার্চ ২০১৯, ১৩:৫৯

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যার হত্যাকারী ও বাঘাইছড়ির ৭ নির্বাচনী কর্মকর্তা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা না হলে যে কোনো সময় হরতাল-অবরোধসহ কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার।

 

বুধবার সকালে তিনি জেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এই ঘোষণা দেন। তিনি পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের সাড়াশি অভিযান শুরু করার দাবি জানান।

 

এ সময় সাবেক মহিলা এমপি ফিরোজা বেগম চিনু, আওয়ামী লীগের সহ সভাপতি নিখিল কুমার চাকমা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর, আওয়ামী লীগ নেতা অংশু ছাইন চৌধুরী, অংশুপ্রু চৌধুরী, রাঙ্গামাটি মেয়র আকবর হোসেন চৌধুরী, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান রোমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহ জাহানসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

 

নেতৃবৃন্দ পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের সাড়াশি অভিযান শুরু করার দাবি জানিয়ে বলেন, পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে একের পর এ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রাণ হারাচ্ছেন। এই অবস্থা চলতে থাকলে পাহাড়ের পরিস্থিতি আরো অবনতি ঘটার আশংকা রযেছে। তাই সরকারকে অবিলম্বে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান।

 

এর আগে রাঙ্গামাটি পৌর চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল রাঙ্গামাটি শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়ে সমাবেশে মিলিত হয়।

 

ইত্তেফাক/এএম