বেলজিয়ামকে হারিয়ে আত্মবিশ্বাসী সূচণা করেছে ইতালি। তারকা খচিত বেলজিয়াম দলকে ২-০ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ানশীপের ফেভারিট আসনে নিজেদের নাম লিখে নিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
সোমবার রাতে দুই অর্ধে একটি করে গোল করে ইতালি। এমানুয়েলে গিয়াচ্চেরিনির গোলে এগিয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে জয় নিশ্চিত করেন গ্রাজিয়ানো পেল্লে। তারকার ছড়াছড়ি না থাকলেও দলগত ফুটবলে দুটি দলই বর্তমানে ইউরোপের অন্যতম শক্তিশালী। সাফল্যের মাণদণ্ডে ইতালি যোজন যোজন এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে ফিফা র্যাংকিংয়ের দুই নম্বর দল বেলজিয়ামকে অবহেলা করার কোনো সুযোগ নেই।
শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে পাওয়া এই জয়ে 'গ্রুপ অব ডেথ' হিসেবে বিবেচিত ‘ই’ গ্রুপ থেকে শেষ ষোলোয় ওঠার পথে বেশ খানিকটা এগিয়ে গেল গতবারের রানার্সআপরা।
লিওঁতে সোমবার সন্ধ্যায় প্রথম ১০ মিনিটের অগোছালো ফুটবলের পর বেশ কিছুক্ষণ ইতালির রক্ষণে চাপ ধরে রাখে ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালিস্টরা। তবে এ সময়ে উল্লেখযোগ্য ঘটনা একটাই; একাদশ মিনিটে অনেকটা দূর থেকে রাডিয়া নাইনগোলানের আচমকা জোরালো শট বাঁ-দিকে ঝাঁপিয়ে ঠেকান জানলুইজি বুফান।
২৮তম মিনিটে বেলজিয়ামের ডি বক্সে গিয়াচ্চেরিনি ফাউলের শিকার হলে পেনাল্টির আবেদন করে ইতালি। তবে রেফারি তাতে সাড়া দেননি। দুই মিনিট পর ফরোয়ার্ড পেল্লে অনেকখানি দূর থেকে জোরালো শটে চেষ্টা করেন, কিন্তু সাফল্য মেলেনি।
পরের মিনিটেই লিওনার্দো বোনুচ্চি ও গিয়াচ্চেরিনির দারুণ নৈপুণ্যে এগিয়ে যায় ইতালি। মাঝ মাঠের আগে থেকে প্রথম জনের চমৎকার উঁচু করে বাড়ানো বল ছয় গজ বক্সের বাইরে দারুণভাবে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন বোলোনিয়ার মিডফিল্ডার গিয়াচ্চেরিনি।
পিছিয়ে পড়ার ধাক্কায় যেন খেই হারিয়ে ফেলে আশানুরূপ শুরু করা বেলজিয়াম। বিরতির আগে আর তেমন কোনো আক্রমণই করতে পারেনি দলটি। অবশ্য ইতালিও দেখাতে পারেনি নতুন কোনো চমক।
৫৩তম মিনিটে ম্যাচের সহজতম সুযোগটি পায় বেলজিয়াম। দারুণ এক প্রতি-আক্রমণে বল পায়ে বিনা বাধায় ডি বক্সে ঢুকে পড়েছিলেন রোমেলু লুকাকু, কিন্তু তার বাঁকানো শটটি বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক বুফানকে পরাস্ত করলেও ডান পোস্ট ঘেষে বাইরে চলে যায়।
চার মিনিট বাদে ব্যবধান বাড়ানোর সুযোগ পান পেল্লে, কিন্তু তার হেড দারুণ নৈপুণ্যে প্রতিহত করেন চেলসির গোলরক্ষক থিবো করতোয়া।
৮৪তম মিনিটে করতোয়ার আরেকটি দুর্দান্ত সেভ; বদলি নামা তোরিনোর ফরোয়ার্ড সিরো ইম্মোবিলের বিদ্যুৎ গতির উঁচু শট কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে ম্যাচে ফেরার সহজ সুযাগ নষ্ট করেন মারোয়ানি ফেলাইনি। গোলমুখ থেকে বল জালে জড়াতে আলতো একটা টোকার দরকার ছিল, কিন্তু চরম ব্যর্থতায় পারেননি ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার।
যোগ করা সময়ে দারুণ এক গোলে সব অনিশ্চয়তার ইতি টানেন ফরোয়ার্ড পেল্লে। আন্তোনিও কান্দ্রেভার ক্রসে ১০ গজ দূর থেকে দুর্দান্ত ভলিতে বল জালে জড়ান সাউথ্যাম্পটনের ফরোয়ার্ড পেল্লে। এই গ্রুপের অন্য দুই দল রিপাবলিক অব আয়ারল্যান্ড ও সুইডেনের মধ্যকার প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। বিডি নিউজ।
