যশোরে সন্ত্রাসীর ছুরিকাঘাতে উপ-পরিদর্শক জখম

আপডেট : ১৪ জুন ২০১৬, ১২:১৮
যশোরের ঝিকরগাছা থানার উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম (৪৫) সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন।
 
সোমবার দিবাগত রাত পৌণে তিনটার দিকে ঝিকরগাছা শহরের অদূরে তিনি এই সন্ত্রাসী হামলার শিকার হন। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তৌহিদুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করায়।
 
পুলিশ জানায়, চলমান বিশেষ অভিযানে যশোর-বেনাপোল সড়কে মোবাইল টিম নিয়ে দায়িত্বে নিয়োজিত ছিলেন উপ-পরিদর্শক তৌহিদুল। রাত পৌণে তিনটার দিকে হঠাৎ সাত-আটজনের একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়। এ সময় তৌহিদুল ইসলাম (৪৫) ধাওয়া করে একজনকে ধরে ফেললে ওই সন্ত্রাসী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।