ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের কনস্যুল জেনারেল এলিজাবেথ গোর্লে যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন সংক্রান্ত পরামর্শ নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন। বাংলাদেশিদের ভিসা জালিয়াতি সম্পর্কে অবগত করতে যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি ভিডিও উপস্থাপন করেন তিনি।
তিনি বাংলাদেশের পর্যটক, শিক্ষার্থী, ব্যবসায়িক কাজে ভ্রমণকারী এবং অভিবাসীদের যুক্তরাষ্ট্র সরকার যথেষ্ট গুরুত্ব দেন। তিনি বলেন, ‘প্রতি বছর হাজারো বাংলাদেশী সঠিকভাবে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করে। সম্ভাব্য সকল আবেদনকারী যাতে জালিয়াতির শিকার না হয়, তা নিশ্চিত করতে আমরা এই ভিডিওটি তৈরি করেছি।’
এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের ভিসা আবেদনকারীদের রক্ষায় যুক্তরাষ্ট্র দূতাবাস জালিয়াতি-বিরোধী প্রচারণা শুরু করলো। বার্তাটি খুবই সহজ এবং সব ধরনের ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য: যা সত্যি তাই বলুন, আবেদনপত্র নিজে পূরণ করুন এবং কোন প্রশ্ন থাকলে দূতাবাসে যোগাযোগ করুন।
এই ভিডিওটি ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের সাথে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে স্টপ-মোশন অ্যানিমেশন প্রযুক্তি অবলম্বনে তৈরি করা হয়েছে।
