গাইবান্ধায় শিশু হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

আপডেট : ১৪ জুন ২০১৬, ১৬:২২
 
গাইবান্ধায় নিজ শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার দায়ে মঙ্গলবার দুপুরে তার বাবা জাহিদুল ইসলামকে (৪৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন গাইবান্ধা জেলার অতিরিক্ত দায়রা জজ মো. শরিফুল ইসলাম।
 
দণ্ডপ্রাপ্ত গাইবান্ধার সদর উপজেলার চকবরুল গ্রামের নছিম উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক। রাষ্টপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম শফি জানান, জাহিদুল ইসলাম তার তিন মাসের শিশু পুত্রকে ২০০৫ সালের ১৮ ডিসেম্বর রাতে শ্বাসরোধ করে মেরে ফেলে। ওই ঘটনায় তার স্ত্রী পারুল বেগম বাদী হয়ে জাহিদুলকে আসামি করে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মঙ্গলবার আদালতে শুনানি শেষে বিচারক এ রায় প্রদান করেন।
 
তিনি আরো জানান, জাহিদুল ইসলাম গ্রেফতারের পর থেকে সাজার মেয়াদ শুরু হবে।