ভারতীয় কোচ হতে কুম্বলের আবেদন

আপডেট : ১৪ জুন ২০১৬, ১৭:৩৫
রবি শাস্ত্রী ও সন্দীপ পাতিলের পর এবার ভারতীয় কোচ হতে আবেদন করলেন দলটির সাবেক বোলার অনিল কুম্বলেও। সোমবার এক ভারতীয় বোর্ড কর্তা বলেন, ‘কুম্বলে আবেদন করেছে এটা ঠিক। কুম্বলের মতো বড়সড় নাম উঠে আসায় লড়াইটা এ বার বেশ জমে উঠলো।’
 
মাস খানেক আগে ফের তিন বছরের জন্য আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন কুম্বলে।
 
কুম্বলের কোচিংয়ের কোনও অভিজ্ঞতা নেই।  তবে তিনি আইপিএলে পরামর্শকের দায়িত্ব সামলেছেন। প্রথমে আরসিবি পরে মুম্বাই ইন্ডিয়ান্সের।
 
তবে কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও কুম্বলের আবেদন করার খবর ছড়িয়ে পড়তেই অভিনন্দন আসতে শুরু করে দিয়েছে। যার মধ্যে আছেন তাঁর দীর্ঘদিনের স্পিন সঙ্গি হরভজন সিংহ।
 
ভারতীয় বোর্ড জানিয়েছে যে ৫৭টি আবেদন পত্র জমা পড়েছে তার মধ্যে সাবেক ভারতীয় টেস্ট অধিনায়কের নামও আছে। কুম্বলের নাম ফাঁস হতেই হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতেও। অনেকেরই মতে এ বার লড়াইটা হয়ে গেল রবি শাস্ত্রী বনাম কুম্বলের।