রাজধানীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

আপডেট : ১৪ জুন ২০১৬, ১৭:৩৬
রাজধানী ঢাকায় ঈদের দিন সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ-উল-ফিতর এর প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
 
আবহাওয়া প্রতিকূলে বা অন্য কোন অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে। আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের জন্য সরকারি কর্মসূচি নির্ধারণকল্পে মঙ্গলবার সকাল ১১টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
 
সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল জলিল। এসময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহিদুজ্জামান উপস্থিত ছিলেন। সভায় যথাযোগ্য মর্যাদা, ভাব-গাম্ভীর্য এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করা হয়েছে।
 
ঈদ উৎসব সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য মঙ্গলবারের সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের মধ্যে রয়েছে- পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করবেন।
 
সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সকল স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও 'ঈদ মোবারক' লিখিত ব্যানার ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইট পোষ্টে প্রদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়।
 
এছাড়া পবিত্র পবিত্র ঈদ-উল-ফিতর দিবাগত রাত্রিতে নির্দিষ্ট সরকারি ভবনসমূহ ও সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হবে। সভায় সিদ্ধান্ত হয়, সারাদেশে বিভাগ, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা, সশস্ত্র বাহিনী বিভাগ, বেসরকারি সংস্থাসমূহের প্রধানগণ জাতীয় কর্মসূচির আলোকে নিজ নিজ কর্মসূচি প্রনয়ণপূর্বক পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করবে।
 
এছাড়া শিশুদের মধ্যে চকলেট বা চিপস বিতরণের বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন কিছু আর্থিক অনুদান প্রদান করবে। অন্যদিকে ঈদের দিন সুবিধা বঞ্চিত শিশুদের বিনাটিকেটে ঢাকা জাদুঘর, আহসান মঞ্জিল, লালবাগের কেল্লা ইত্যাদি দর্শনীয় স্থান প্রবেশ এবং তা প্রদর্শনের ব্যবস্থা করা হবে। বাংলাদেশ শিশু একাডেমীতে শিশুদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করবে।
 
সভায় মন্ত্রীপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, তথ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ, ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।