ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন,রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে আটক আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সদস্য শীর্ষ নেতাদের নির্দেশে স্লিপার সেলের অর্থ সংগ্রহে জন্য ঢাকায় এসেছিলো। মোসাদের সাথে বৈঠক করে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম যেভাবে সরকার পতনের ষড়যন্ত্র করেছিলেন, এবিটির এ দুই সদস্যও একই ধরনের পরিকল্পনা থেকে রাজধানীতে এসেছিলেন বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কামরাঙ্গীরচর এলাকা থেকে সৈয়দ মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম সোলায়মানী ওরফে আরাফাত নামে আনসারুল্লাহ বাংলাটিমের (এবিটি) দুই সদস্যকে আটক করে ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি, দক্ষিণ)। তারা এবিটির চট্টগ্রামের দায়িত্বশীল নেতা।
আটকদের জিজ্ঞাসাবাদের তথ্য উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, ঢাকায় এসে তারা সাংগঠনিক মিটিং করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবিটি'র কার্যক্রম সম্পর্কে তারা গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সংগঠনের অন্যান্য সদস্যদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।
অতিরিক্ত কমিশনার বলেন, আটকদের কাছ থেকে দুটি চাপাতি ও এবিটির দুটি জিহাদি বই উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।
