তরুণ প্রতিভা নিয়ে কাজ করতে চান হেলমট

আপডেট : ১৪ জুন ২০১৬, ১৯:১১
বাংলাদেশের হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্ব নিয়েছেন সাইমন হেলমট। এই দায়িত্ব নিতে পেরে বেশ রোমাঞ্চিত তিনি। সোমবার বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অস্ট্রেলিয়ান।
 
জাতীয় দলের ‘প্লেয়ার পুল’ আরও বাড়াতে কাজ করতে চান অস্ট্রেলিয়ান এই কোচ। ৪৪ বছর বয়সী হেলমটকে এবারের বিসিবি এইচপি ইউনিটের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।
 
শুক্রবার ঢাকায় আসার পর চুক্তির আনুষ্ঠানিকতা সারা ও প্রাসঙ্গিক বিভিন্ন ব্যাপার নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে গত কদিন ধরে চলেছে তার আলোচনা।
 
তিনি বলেন, ‘প্রায় ২০ বছরের কোচিং ক্যারিয়ারে বিভিন্ন পর্যায়ে কোচিং করানোর সৌভাগ্য হয়েছে আমার। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হতে পারা এবং এইচপির প্রধান কোচের দায়িত্ব পাওয়া সৌভাগ্য ও সম্মানের ব্যপার। উঠতি ও শিখতে থাকা ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে পারা, জাতীয় প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত হতে পারাই আমাকে বেশি রোমাঞ্চিত করছে।’
 
তিনি আরো বলেন, ‘কিভাবে এগোব, সেটি নিয়ে এখন আমরা কাজ করছি। এখানকার কোচ, কর্মকর্তা, বোর্ডের সঙ্গে কথা বলছি। আমরা যদি তরুণদের উন্নতি করাতে পারি, এমনকি অভিজ্ঞদের আরও ধারালা করতে পারি, জাতীয় দল বাছাইয়ের জন্য আরও বড় একটি ‘পুল’ তৈরি করতে পারব আমরা। তাতে এখন তো বটেই, ভবিষ্যতের জন্যও হবে দারুণ ব্যাপার।’