ফেনীকে হারিয়ে শেষ আটে আবাহনী

আপডেট : ১৪ জুন ২০১৬, ২০:১২
ফেনী সকারকে হারিয়ে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ঢাকা আবাহনী লিমিটেড। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লি টাকের একমাত্র গোলে ফেনী সকার ক্লাবকে ১-০ গোলে হারায় তারা।
 
এ জয়ের মধ্য দিয়ে ‘এ’ গ্রুপ থেকে টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত করেছে ঢাকা আবাহনী। একই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে আরামবাগ ক্রীড়া চক্র।
 
এদিন ফেনী সকারের বিপক্ষে খেলতে নেমে প্রথমার্ধের ১ মিনিটের মধ্যেই সাফল্য পায় আবাহনী। ৪৫ সেকেন্ডে নাবিব নেওয়াজ জীবনের কিক অফ থেকে বল রিসিভ করেন সানডে সিজোবা। আর সিজোবার এগিয়ে থেকে বল থেকে ইংলিশ ফুটবলার লি টাক ফেনীর জালে বল জড়িয়ে আবাহনীকে ১-০তে এগিয়ে দেন।
 
শুরুতেই এগিয়ে ছিলো আকাশী রঙের জার্সীধারীরা।  তবে ৭ মিনেটে ফেনী ডি বক্সের ভেতর থেকে সোজা গোলপোস্টে হেড করেছিলেন জীবন। কিন্তু গোলরক্ষক লাফিয়ে উঠে গোলবারের উপর দিয়ে তা ক্লিয়ার করলে এ যাত্রায় বেঁচে যায় ফেনী।
ফেনীও আক্রমণ চালাতে থাকে সমানতালে। ৮ মিনিটে ঠিক তেমনই এক আক্রমণ রচনা করে ফেনী অধিনায়ক আকবার হোসেন রিদন। একাই বল নিয়ে গিয়েছিলেন আবাহনী সীমানায়। কিন্তু ডি বক্সের বাইরে থেকে নেয়া তার শটটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় গোল থেকে বঞ্চিত হয় ফেনী সকার ক্লাব।
 
১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় কোচ জর্জ কোটানের শিষ্যরা। বিরতিরপর আক্রমণের ধার বাড়ায় আবাহনী।  ৫৪ মিনিটে ডিবক্সের বা প্রান্ত থেকে লি টাকের ক্রস ফেনী গোলরক্ষক সুজন লাফিয়ে উঠে গ্লাভসবন্দি করলে গোল বঞ্চিত হয় আবাহনী।
 
এরপর ৬৬ মিনিটে ফেনীর প্রথম গোছালো আক্রমণ দেখা যায়। আবাহনীর ডি বক্সের বাইরে থেকে দারুণ এক ফ্রি কিক নেন ফেনীর নাইজেরিয়ান মিডফিল্ডার উচি ফিলিক্স। সেই ফ্রি কিকটি ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন আবাহনী গোলরক্ষক শহীদুল।
 
আর কোনো গোল না হওয়ায় ম্যাচ শেষে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠার আনন্দে ভেসে মাঠ ছাড়ে ঢাকা আবাহনী।