আপিল বিভাগের রায় আওতার বাইরে: ডেপুটি স্পিকার

আপডেট : ১৪ জুন ২০১৬, ১৯:৫৯
শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি পদে সংসদ সদস্যদের মনোনীত হওয়া নিয়ে আপিল বিভাগের রায় আদালতের ‘আওতার বাইরে’ বলে মন্তব্য করেছেন সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
 
মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় আওয়ামী লীগের সংসদ সদস্য ‍আব্দুর রহমানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অধিবেশনে সভাপতিত্বকারী ফজলে রাব্বী বলেন, ‘একটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এই মামলাটি দায়ের হয়েছিল। আমার মনে হয়, এ ক্ষেত্রে কোর্ট কিছুটা তার আওতার বাইরে গিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রসঙ্গে ‍অনেক আইনজীবীও এই রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।’
 
ভিকারুন নিসা নূন স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদ নিয়ে এক মামলায় সম্প্রতি হাইকোর্টের এক রায়ে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটিতে স্থানীয় সংসদ সদস্যদের সভাপতি মনোনীত হওয়া ও বিশেষ কমিটি গঠনের বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। হাইকার্টের ওই রায় সুপ্রিম কোর্টও বহাল রাখে।
 
অনির্ধারিত আলোচনায় ফ্লোর নিয়ে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বলেন, প্রশাসনিক সিদ্ধান্তের বলে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী সংসদ সদস্যরা বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজগুলোতে সভাপতি হিসেবে থাকতে পারতেন। একথা সত্য, আমি নিজে কখনোই একটি প্রতিষ্ঠানের সভাপতি থাকবার ব্যাপারে আগ্রহী নই। আমার নিজের নামের একটি টেকনিক্যাল কলেজ ছাড়া আমি কোথাও সভাপতি নাই। কিন্তু সংসদ সদস্যদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির পদে না থাকার জন্য যা বলা হয়েছে এতে আমাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে।
 
আব্দুর রহমানের সঙ্গে সহমত পোষণ করে ডেপুটি স্পিকার বলেন ‘মাননীয় সংসদ সদস্য যথার্থই বলেছেন। এই বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর একটি বক্তব্য বা মন্ত্রণালয়ের পরিপত্র জারি হওয়া দরকার, যাতে সৃষ্ট জটিলতা নিরসন হয়। এই বিষয়ে তার দৃষ্টি রাখার জন্য আমি মাননীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকেও অনুরোধ করব।’