প্রিমিয়ার ডিভিশন হকি লিগে ঊষার জয়রথ চলছেই। মঙ্গলবার মওলানা ভাষানী হকি স্টেডিয়ামে আলিম বেলালের হ্যাটট্টিকে সোনালী ব্যাংককে ৫-২ গোলে হরিয়েছে ঊষা ক্রীড়া চক্র।
খেলা শুরুর ৭ মিনিটেই আলিম বেলালের পেনাল্টি কর্নারের গোল ঊষাকে ১-০তে এগিয়ে দেয়। তিন মিনিট পরই আবার আক্রমণে যায় ঊষা। নিজের দ্বিতীয় পেনাল্টি কর্ণারের গোল থেকে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন আলিম বেলাল।
১০ মিনিটের মধ্যেই দ্বিগুণ ব্যবধানে পিছিয়ে পড়ে খেলায় ফিরতে একের পর এক আক্রমণ চালিয়েছে সোনালী ব্যাংকও। তবে তাদের সফলতার মুখ না দেখেনি কোনো প্রচেষ্টাই।
তবে বিরতি থেকে ফিরে জ্বলে উঠে দু’দলই। আর এই প্রতিযোগিতায় এগিয়ে ছিল ঊষা। কেননা দ্বিতীয়ার্ধ শুরুর ১২ মিনিটেই নিলয়ের ফিল্ড গোল দলটিকে ৩-০ এর ব্যবধান এনে দেয়।
৫৭ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে রকি ঊষা জাল বল ঠেলে ব্যবধান কমান ৩-১ এ। তবে ব্যবধান কমিয়ে তা বেশিক্ষণ নিজেদের আয়ত্বে রাখতে পারেনি সোনালী ব্যাংক। কেননা ৬২ মিনিটে বেলাল তৃতীয়বার গোল করে নিজের হ্যাট্টিক তুলে নিয়ে দলকে এগিয়ে দেন ৪-১এ।
বেলালের পর পুষ্কর খিসা মিমো ফিল্ড গোল থেকে ঊষাকে ৫-১ এর জয় সূচক ব্যবধান এনে দেন। কিন্তু শেষ পর্যন্ত ঊষা এই ব্যবধান ধরে রাখতে পারেনি। খেলা শেষের মাত্র ৩ মিনিট আগে সোনালী ব্যাংকের ইহসান উল্লাহ খান ঊষার জাল বল জড়িয়ে ব্যবধান ৫-২ এ কমিয়ে আনেন।
এরপর রেফারি শেষ বাঁশিতে ম্যাচ শেষে জয় নিয়ে মাঠ ছাড়ে ঊষা ক্রীড়া চক্র। দিনের অপর ম্যাচে ওয়ান্ডারার্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব।
