‘এখানে জঙ্গী আইএস নেই, নিজেদের চরকায় তেল দিন’

আপডেট : ১৪ জুন ২০১৬, ২০:২৯
বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে মাথা না ঘামাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমাদের পরামর্শ দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, ‘আমাদের এখানে কোনো আইএস নাই। কোনো জঙ্গি বা আল কায়দা নাই। যদি থেকে থাকে আপনাদের ওখানে আছে। দেখেন না টুইন টাওয়ারে আল কায়দা মেরেছে। এখন আইএসও ‍মারছে। শনিবার ৫৩ জনকে হত্যা করেছে জঙ্গি-আইএস। সুতরাং আমাদের বিষয়ে হস্তক্ষেপ না করে নিজেদের চরকায় তেল দিন।’
 
বাংলাদেশে জঙ্গি তৎপরতা নিয়ে বিভিন্ন সময়ে বিদেশিদের বক্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে শেখ সেলিম এসব কথা বলেন।
 
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নাম ধরে শেখ সেলিম বলেন, সংসদে দাঁড়িয়ে স্পষ্ট করে বলে দিচ্ছি-আমাদের নিয়ে আর চিন্তা করবেন না। আপনাদের নিজেদের সমস্যার সমাধান আপনারা করেন। এদেশের সমস্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  দেশের ১৬ কোটি মানুষ সমাধান করবে।
 
তিনি বলেন, কথা নাই, বার্তা নাই, বলছেন এখানে আইএস থাকতে পারে। স্টেট ডিপার্টমেন্ট বলছে, ইউরোপীয় ইউনিয়ন বলছে। প্যারিসে এত লোক মারা গেল, বেলজিয়ামে মারা গেল। এগুলো আপনারা দেখেন না? এখন আমেরিকায় মারা গেছে, আইএস স্বীকার করছে। আর আমাদের এখানে আইএসের গন্ধ পান?
 
একাত্তরে পাকিস্তানের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়টি তুলে ধরে শেখ সেলিম বলেন, তখনও আমাদের নিয়ে আপনারা বহু চিন্তা করেছেন। একাত্তরে আপনারা যা করেছেন, তার জন্য আপনারা এখনও ক্ষমা চাননি। যারা মুক্তিযুদ্ধের সময় নারী-শিশু হত্যা করেছে। মানবতাবিরোধী অপরাধ করেছেন, সেই জামায়াতে ইসলামীকে বাঁচানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চাপ প্রয়োগ করেছেন। জাতিসংঘের মহাসচিবও প্রধানমন্ত্রীকে ফোন করেছেন। আমাদের কোনো বিষয় নিয়ে আপনাদের সুপারিশ করার দরকার নেই। আপনারা আপনাদের দিকে তাকান। আপনাদের ওখানে এখন কী হচ্ছে!