অনুশোচনায় ভুগছেন ওয়াকার

আপডেট : ১৪ জুন ২০১৬, ২০:৪৩
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে অনুশোচনায় ভুগছেন ওয়াকার ইউনিস। পাকিস্তান দলের সাবেক এ অধিনায়ক বলেন দলের কোচ হিসেবে ‘অসমাপ্ত কাজের’ জন্য তিনি অনুতপ্ত এবং দায়িত্বটা মিস করছেন।
 
বাংলাদেশে এশিয়া কাপ ও ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে দলের পারফরমেন্স সম্পর্কিত গোপনীয় রিপোর্ট প্রকাশিত হয়ে যাওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সম্পর্কেও বিবাদে জড়িয়ে গত এপ্রিলে পদত্যাগে বাধ্য হন ওয়াকার। পিসিবি এরপর দুই বছরের জন্য দক্ষিণ আফ্রিকান মিকি আর্থারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়। বিশ্বের শীর্ষ দলগুলোর সঙ্গে জাতীয় দলের প্রতিদ্বন্দ্বিতায় সাহায্য করতে চেয়েছিলেন বিধায় পাকিস্তানের হয়ে কাজ করাটা মিস করছেন বলে স্বীকার করেন ৪৪ বছর বয়সী ওয়াকার।
 
ওয়াকার বলেন, দশ বছর বা ততোধিক সময় একটি দেশকে সেবা দেয়া যেকোন খেলোয়াড় তার দলে ভালো দেখতে চায় এবং বাকি বিশ্ব থেকে পিছিয়ে থাকতে চায় না। আমি যখন দায়িত্ব গ্রহণ করি তখন আমার সম্পর্কে অনেক কিছুই বলা হয়েছিল। দেশের কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি, তাই আমি পাকিস্তানের সেবা করতে চেয়েছিলাম। আমি বড় বড় অনেক প্রস্তাব গ্রহণ করতে পারতাম। কিন্তু এখানে কিছু করাটাকেই আমি বেছে নিয়েছিলাম। আমার কিছু কাজ বাকি রয়ে গেছে এবং সেটা সমাপ্ত করতে একদিন পাকিস্তান ক্রিকেটে ফিরব বলে আশা করছি। এক্সপ্রেস ট্রিবিউন।