ভুয়া দলিল বন্ধক রেখে ব্যাংক থেকে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার কমিশনের বৈঠকে এ মামলার অনুমোদন দেওয়া হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণবকুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাতের একটি অভিযোগ কমিশন কার্যালয়ে এসেছিল। অনুসন্ধান শেষে কমিশন কর্তৃপক্ষ মামলার অনুমোদন দিয়েছে।
যে চারজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে তারা হলেন, ইসলামী ব্যাংকের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট (সাবেক) মো. ইনামুল হক, সাবেক এসপিও মো. শামছুদ্দিন, ডেভেলপার প্রতিষ্ঠান আরবান স্কাই লাইন লিমিটেডের এমডি আল ফাত্তাহ হাবিবুল্লাহ এবং এবং থ্রি স্টার অ্যান্ড কোং এর স্বত্ত্বাধিকারী ডা. এম এ মান্নান।
দুদক সূত্র জানায়, অভিযুক্ত এই চারজন পরস্পর যোগসাজশে ভুয়া দলিল বন্ধক রেখে ইসলামী ব্যাংকের বংশাল শাখা থেকে মোট ১৫ কোটি ১০ লাখ ৯৭ হাজার ৪৪৬ টাকা উত্তোলন ও আত্মসাৎ করেছেন বলে প্রাতমিকভাবে প্রমাণিত হয়েছে। ২০১৫ সালে এ বিষয়ে কমিশনে একটি অভিযোগ এলে দুদকের উপপরিচালক সৈয়দ তাহসিনুল হক সেটা অনুসন্ধান করেন। অভিযোগ অনুসন্ধান শেষে মামলার সুপারিশ করা হয়।
