উত্তাপ হারিয়ে গেছে অনেক আগেই।
উত্তেজনা যা একটু ছিলো, গত কয়েক বছরের সমঝোতা ও সহমর্মিতায় তাও শেষ হয়ে গেছে। এখন আবাহনী-মোহামেডান লড়াই অন্য যে কোনো বড় ম্যাচের চেয়েও কম আকর্ষণীয় একটা খেলায় পরিণত হয়েছে। এবার ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্বেও দেখা গেছে তেমনই ম্যাড়মেড়ে ও এক তরফা এক দ্বৈরথ। কিন্তু সুপার লিগে অন্তত এবার আবাহনী ও মোহামেডানের ম্যাচটা অন্তত লিগ শিরোপার দৌড়ে থাকার দিক থেকে হলেও গুরুত্বপূর্ণ ম্যাচ হয়ে উঠেছে।
আজকের ম্যাচটিকে সে অর্থে দু দলেরই অস্তিত্বের লড়াই বলা চলে।
আবাহনী পয়েন্ট তালিকায় ঠিক কোথায় আছে, সেটা অবশ্য একটা রহস্য। তাদের সর্বশেষ ম্যাচটির কোনো মীমাংসা এখনও হয়নি। তারপরও ১ ম্যাচ কম ধরে তাদের পয়েন্ট ১৪। মোহামেডান সুপার লিগের প্রথম ম্যাচেই হেরে বসায়, তাদেরও পয়েন্ট এখনও ১৪। ফলে এই ম্যাচ হেরে গেলে শিরোপা দৌড়ে থাকাটা খুব মুশকিল হয়ে যাবে দু দলের জন্যই। জিতে গেলে আর কিছু না হোক, রূপগঞ্জ ও ভিক্টোরিয়ার মধ্যে যে জিতবে, তাকে ছোঁয়ার দৌড়ে থাকতে পারবে দলটি।
কাগজে কলমে আজকের ম্যাচেও ফেবারিট আবাহনী। তামিম ইকবাল, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ আছেন দলে। আবাহনীর ত্রাণকর্তা হয়ে ওঠা তরুণ তারকা মোসাদ্দেক হোসেন সৈকতও আছেন। পাশাপাশি ভারতীয় তারকা আনার যে স্রোত তৈরি করেছে আবাহনী, সেই স্রোতে নতুন সংযোজন হিসেবে আজকের ম্যাচে মাঠে নামার কথা দিনেশ কার্তিকের।
অন্যদিকে মোহামেডানে অধিনায়ক মুশফিকুর রহিম ছাড়া সমসাময়িক বড় কোনো তারকা নেই। তবে দুই নাঈম, এনামুল হক জুনিয়র বা শুভাশীষ দারুণ পারফরম করছেন দলটির হয়ে। তাদের সর্বশেষ বিদেশি সংযোজন ছিলেন থিসারা পেরেরা। যদিও বল হাতে গত ম্যাচে মোটামুটি পারফরম করলেও ব্যাট হাতে বেশ হতাশ করেছেন এই লঙ্কান অলরাউন্ডার। ফলে দলে একটা মত ছিলো যে, আবাহনীর ম্যাচকে সামনে রেখে নতুন কোনো বিদেশি আনা। সেটা হচ্ছে না।
