রাজধানীর সবুজবাগে এক শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম নিলুফার (১০)। বাবার নাম দুলাল হোসেন। বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার শিবপুরের চরপাড়া গ্রাম। বুধবার সকালে পুলিশ উত্তর বাসাবোর ৩৪/৪/এ/৩ নম্বর বাড়ির নুরুল আমিনের ফ্ল্যাট থেকে নিলুফারের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
এ ঘটনায় পুলিশ গৃহকর্তা নুরুল আমিন ও তার স্ত্রী মুক্তা আরা পারভীনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাহিদুর রহমান জানান, সকালে খবর পেয়ে ৬ তলা বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটের বরান্ধার ফলস সিলিংয়ের সঙ্গে ওড়না দিয়ে পেচানোর অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
তবে নিহতের বড় বোন সাবিনা ও তার স্বামী মনজু মিয়া অভিযোগ করেন, নিলুফারকে পিটিয়ে হত্যার পর লাশ ওড়ানা দিয়ে পেচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।
অভিযোগ তদন্তের জন্য গৃহকর্তা ও গৃহকর্তী আটক রয়েছেন। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
