মতিঝিল ও লালবাগ থানার দুই নাশকতার মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীকে রিমান্ড দিয়েছে আদালত। বুধবার মহানগর হাকিম নূরুন্নাহার এবং মো. নূরুন্নবী পৃথক দুটি আবেদনের শুনানি নিয়ে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে দুই মামলায় আসলাম চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে ১০ দিন করে রিমান্ড চান পুলিশের দুই তদন্ত কর্মকর্তা।
এসময় তার পক্ষে রিমান্ড আবেদন বাতিল এবং জামিন চাওয়া হলেও তা নাকচ হয়ে যায় বলে জানিয়েছেন আসলামের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।
গত ১৫ মে বিএনপি নেতা আসলামকে গ্রেফতার করে পুলিশ। পরে ৫৪ ধারায় সাতদিন ও পরে রাষ্ট্রদ্রোহের মামলায় দুই দফায় ১২ দিনসহ মোট ১৯ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
