টেস্ট ক্রিকেটে পরিবর্তনের বিপক্ষে পিসিবি

আপডেট : ১৫ জুন ২০১৬, ১৮:২৭
টেস্ট ক্রিকেটের বিদ্যমান নিয়ম পরিবর্তন এবং ম্যাচের স্থায়িত্ব কমিয়ে চার দিনে আনার কোন প্রকার পদক্ষেপে সমর্থন করবেনা পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চার-দিনের টেস্টের প্রস্তাব নিয়ে গুঞ্জন রয়েছে এবং চলতি মাসের শেষ সপ্তাহে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) বার্ষিক সভায় এ প্রস্তাব পেশ করা হতে পারে।
 
এমন ধরনের কোন প্রস্তাব উঠলেও পাকিস্তান তা সমর্থন করবেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান। তিনি বলেন, আমাদের অবস্থান একদম পরিষ্কার- দিবা/রাত্রির টেস্ট নিয়ে চেষ্টা করা হচ্ছে এটা ভাল পদক্ষেপ। কেননা এতে প্রথাগত টেস্ট নিয়মে কোন পরিবর্তন নেই। 
 
টেস্ট ক্রিকেটের সৌন্দর্য লুকিয়ে আছে পাঁচ দিনে ম্যাচে এবং ভাল পিচ তৈরি করলে কম সময়ে ম্যাচ শেষ হওয়ার কোন কারণ নেই। টেস্ট ম্যাচ আগেভাগেই শেষ হয়ে যাওয়ার কারণে স্বাগতিক বোর্ড আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং চার দিনের টেস্ট অনেক বেশি বাস্তবসম্মত বলে সম্প্রতি উল্লেখ করেছে ইসিবি।
 
তবে দ্বিস্তর টেস্ট ক্রিকেটের পক্ষে খান। তিনি বলেন, এই মুহূর্তে পাকিস্তান দলকে তার প্রথম দিবা-রাত্রির টেস্টের জন্য প্রস্তুত করাকেই আমরা প্রাধান্য দিচ্ছি এবং গোলাপি বল ব্যবহারে সাফল্য পেতে অধিনায়ক মিসবাহ উল হকও আমাদের কিছু গঠনমূলক পরামর্শ দিয়েছে।
 
আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি দিবা-রাত্রির টেস্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরেও একটি দিবা-রাত্রির টেস্ট খেলবে পাকিস্তান দল। একটি সত্যিকারের টেস্ট চ্যাম্পিয়নশিপে সমর্থন থাকবে বলে জানান খান। এনডিটিভি।