আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এক বক্তব্য ধরে জাসদ নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে ১৪ দলের ঐক্য ধরে রাখার তাগিদ দিয়েছেন জোটের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শেখ হাসিনা এই নির্দেশনা দিয়েছেন জানিয়ে তিনি বলেছেন, ‘তা না হলে অশুভ শক্তি অনৈক্যের ফাটল দিয়ে ঢুকে আমাদের ছুরিকাহত করবে।’
বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথসভায় একথা বলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম। একই সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ দলের সাধারণ সম্পাদকের আলোচিত বক্তব্যের ব্যাখ্যায় বলেছেন, ছাত্রলীগের ওই অনুষ্ঠানে ইতিহাস তুলে ধরতে গিয়ে ওই বক্তব্য এসেছিল।
গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক অনুষ্ঠানে আশরাফ পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ক্ষেত্র তৈরির জন্য জাসদকে দায়ী করে বলেন, এই দল থেকে মন্ত্রী করার জন্য আওয়ামী লীগকে আজীবন প্রায়শ্চিত্ত করতে হবে।
স্বাধীনতার পর আওয়ামী লীগ থেকে বেরিয়ে আলাদা দল গঠন করে বঙ্গবন্ধু সরকারের বিরোধিতায় নামা জাসদ এখন ১৪ দলে রয়েছে। এই দলটির একাংশের সভাপতি হাসানুল হক ইনুকে মন্ত্রী করেছেন শেখ হাসিনা।
নাসিম বলেন, ‘১৪ দল আরো সম্প্রসারিত হবে, ঐক্যও সম্প্রসারিত হবে। এর কোনো বিকল্প নেই।’
তিনি বলেন, ১৪ দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন আদর্শিক জোট। শুধু ক্ষমতা ভাগাভাগি, নির্বাচনের জন্য নয়, একটি অসামপ্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই ১৪ দল গঠিত হয়েছে। ১৪ দল আছে, থাকবে। যত দিন আমাদের লক্ষ্য অর্জন না হয়, তত দিন থাকবে। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, ১৪ দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যান।
