প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ জনগণকে জানাতে ইনুর আহ্বান

আপডেট : ১৫ জুন ২০১৬, ২১:২৭
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দেশের আর্থ-সামাজিক অবস্থার তাৎপর্যপূর্ণ সাফল্য অর্জনকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের ব্যাপারে জনগণকে অবহিত করার জন্য তথ্য মন্ত্রণালয়সহ সকল মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
 
বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের প্রচারণা'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ অর্থনৈতিক সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব উদ্যোগ তুলে ধরতে আমাদের সকলকে সর্বাধিক প্রচেষ্টা গ্রহণ করতে হবে।'
 
ইনু বলেন, 'প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সমাজের বৈষম্য কমিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং অনগ্রসর লোকদের জন্য উন্নত জীবন নিশ্চিত করছে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের ব্যাপারে তথ্য মন্ত্রণালয় ইতোমধ্যে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে।'
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, পরিবেশ ও বন সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, তথ্য সচিব মর্তুজা আহমেদ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, নারী ও শিশুবিষয়ক সচিব নাসিমা বেগম এবং সমাজকল্যাণ সচিব ড. চৌধুরী মো. আবুল হাসান উপস্থিত ছিলেন।
 
মর্তুজা আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগের ওপর প্রচারণার অংশ হিসেবে ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ টেলিভিশন ২০টি আলোচনা সভা, ১০টি ফিলার, ১২০টি তথ্য চিত্র, ৩০টি ডকু-ড্রামা, ১০টি ড্রামা ও ৩০টি বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। বাংলাদেশ বেতার ৮০টি আলোচনা অনুষ্ঠান, ১০টি জিংগেল, ১৯টি জারি গান, ৯০টি ফোন-ইন অনুষ্ঠান, ১২টি তথ্যচিত্র, ৩০টি উন্নয়নমূলক অনুষ্ঠান, ২০টি স্পট অনুষ্ঠান ও ২০টি সেলিব্রেটি কল অনুষ্ঠান প্রচার করবে।
 
প্রকল্পগুলো হচ্ছে একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা প্রকল্প, নারীর ক্ষমতায়ন প্রকল্প, সকলের জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা প্রকল্প, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, বিনিয়োগ উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ।