সাঁড়াশি অভিযানের নামে গণগ্রেফতার করা হচ্ছে: খালেদা জিয়া

আপডেট : ১৫ জুন ২০১৬, ২১:৫৩
বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, 'অস্ত্র বা সংঘাত নয়, শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি নিয়ে বিএনপি সামনের দিকে এগিয়ে যাবে। জনগণকে ঐক্যবদ্ধ করে অবাধ, সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করবে।'
 
বিএনপি প্রধান বুধবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাব মিলনায়তনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) অংশের ইফতার মাহফিলে যোগ দিয়ে সংক্ষিপ্ত বক্তৃতায় এ কথা বলেন।
 
এ সময় বিএনপি চেয়ারপার্সন অভিযোগ করে বলেন, 'জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযানের নামে গণগ্রেফতার করা হচ্ছে। বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষকে গ্রেফতার করে নির্যাতন ও হয়রানী করা হচ্ছে।' ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি, উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এই ইফতার মাহফিলে ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএনপির শীর্ষ নেতারা যোগ দেন।
 
মূল মঞ্চে বেগম খালেদা জিয়ার সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিআই এম ফজলে রাব্বি চৌধুরী, মহাসচিব মোস্তাফা জামাল হায়দার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মুর্তজা প্রমুখ। খবর- বাসস।